শাকিল হত্যার বিচারের দাবিতে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে আয়োজিত কর্মসূচি থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানানো হয়।

বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজনসহ অন্য নেতারা বক্তব্য দেন। এ সময় জেলা ছাত্রদলের সহসভাপতি মিনহাজ মনির, যুগ্ম সাধারণ সম্পাদক হামিম শেখ, সাংগঠনিক সম্পাদক হাসান শরিফ চমক এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনাম আহমেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শাকিল দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। বিগত ১৭ বছরে তিনি নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। হত্যায় জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে ছাত্রদল রাজপথে আরও কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে শাকিল হত্যার বিচার দাবি করা হবে বলেও জানান তারা।