রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড 

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলার রায়ে আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী মো. আলী আশরাফ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ অক্টোবর বাদীপক্ষ  ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

২০২৫ সালের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ ওঠে লিমন মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। একই হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন। 

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা লিমন মিয়াকে  আটক করে এবং বিচারক মোহাম্মদ আবদুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা করেন।