ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসকর আলী (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল আসকর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এঘটনায় ভারতের অভ্যন্তরে অতিরিক্ত বিএসএফ ও বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
নিহত মো. আসকর আলী উপজেলার হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে হরিপুর ইউনিয়নের অন্তর্গত মিনাপুর বিওপির মেইন পিলার ৩৫৩ এর ১০০ গজ ভারতের অভ্যন্তরে তারকাঁটার কাছে যান আসকর আলী। তখন তাঁকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোঁড়ে। গুলির আওয়াজে স্থানীয়রা সীমান্ত এলাকায় এসে দেখেন আসকরের মরদেহ কাঁটাতারে পড়ে আছে।
এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবি জানিয়েছে, বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।