অর্থ পাচারকারীদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনবো: জামায়াত আমির

ক্ষমতায় গেলে বিদেশে অর্থ পাচারকারীদের 'মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকিয়ে' অর্থ উদ্ধার করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন ১১ দলীয় জোটের শীর্ষ এই নেতা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এরই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রামে এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

সমাবেশে স্থানীয় ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, 'এই কুড়িগ্রাম জেলার দুঃখ তিন তিনটি নদী। বর্ষা আসলে মানুষের বুক কাঁপতে শুরু করে। কার ভিটেমাটি বিলীন হয়ে যাবে, আমাদের নদীগুলো হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর, ৫৪ বছরের নদী শাসনের, নদী ভাঙনরোধের যতগুলো বাজেট হয়েছে সবগুলো তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে ২৮ লাখ কোটি টাকা।' 

নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় গেলে দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, 'দেশবাসী, কুড়িগ্রামবাসী, কথা দিচ্ছি আল্লাহ্ যদি আমাদের সুযোগ দেন তাহলে ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকিয়ে সব বের করে আনবো, ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। আজ কথা দিচ্ছি, এই কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোনো দাবি জানাতে হবে না। এটি আমাদের নৈতিক কর্তব্য।'

সমাবেশে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জামায়াত আমির বলেন, 'আমাদের কাজ জাতিকে বিভক্ত করা নয়। যুবকদের দেশ গড়ার কারিগর হতে হবে। এ দেশ তোমাদের। সেই সাহস, সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের মাঠে দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাবো কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ।'