গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের দুই নম্বর রেলগেট এলাকার রেললাইনে পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। আবু বক্কর সিদ্দিক গাইবান্ধার পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট ক্রস করার সময় হঠাৎ বক্কর সিদ্দিক লাফ দেন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আবু বক্কর সিদ্দিকের ভাগিনা রশিদুল ইসলাম বকুল বলেন, ‘মামা সুদের ওপর ঋাণ নিয়েছিলেন। তারা কিছুদিন থেকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি টাকা পরিশোধের চাপ সহ্য না করতে পেয়ে আত্নহত্যা করছে বলে ধারনা করা হচ্ছে।’
গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বলেন, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এছাড়া নিহতের পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।