দিনাজপুরের বিরলে একটি কওমি মাদ্রাসার বাথরুম থেকে শাফায়েত হোসেন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে বিরল পৌরশহরের কলেজ রোডে অবস্থিত মাদ্রাসাতুস সুন্নাহ নামের একটি কওমি মাদ্রাসার বাথরুম থেকে ওই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাফায়েত হোসেন উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের লোকমান আলীর ছেলে। ঘটনার পর ওই মাদ্রাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুর জেলা পুলিশের এএসপি (সদর সার্কেল) মো. আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।