সিলেটে বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বদরুল আহমদ চৌধুরী জানান, সিলেটের ৪ বছরের শিশু ফাহিমাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে জলাশয়ে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে তদন্তকালে আসামি জাকির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রধান আসামি জাকির হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ মাত্র ৩ মাসের মধ্যে এ মামলার বিচার কাজ সম্পন্ন হওয়াকে ন্যায়বিচারের জয় হিসেবে দেখছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।