দুর্নীতির কারণে বাংলাদেশ এখনো অনগ্রসর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বাংলাদেশ এখনো অনগ্রসর হিসেবে রয়েছে। এর সবচেয়ে বড় কারণ দুর্নীতি। দেশ দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত। স্কুলের ফিডিং কর্মসূচিতে ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার কারণে দুর্নীতির বিষয়টি আমাকে কষ্ট দেয়। শুধু শিক্ষাখাতে নয়, সব ক্ষেত্রেই দুর্নীতি রয়েছে। বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি।’
ডেপুটি স্পিকার বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের মহান পুরুষেরা দেশকে স্বাধীন করেছিলেন একটি সুন্দর, সাম্য ও শান্তির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, খ্রিষ্টান ও মুসলিমসহ সব ধর্মের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মো. জি কে গউছ, হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুল মজিদ। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।