‘গরমে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে অর্থের আশ্বাস মিলেছে’

আসছে গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সচিবালয়ে আজ বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে নসরুল হামিদ এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি প্রতি ইউনিট ৯ দশমিক ৮ ডলারে কেনার অনুমোদন মিলেছে। এ ছাড়া দেশে গ্যাস অনুসন্ধানের জন্যও মন্ত্রিসভা প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি হিসেবে দুই প্রক্রিয়ায় গ্যাস আমদানি করা হয়। বর্তমানে খোলাবাজারে প্রতি ইউনিট কিনতে খরচ হচ্ছে ৯ ডলাবের কিছু বেশি, যা আমাদের জন্য সাশ্রয়ী।

নসরুল হামিদ জানান, মোট চাহিদার ৪০ শতাংশ কেনা হয় খোলাবাজার থেকে। আর দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা হয় বাকি ৬০ ভাগ গ্যাস।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য আরও একটি ওয়েলহেড কমপ্রেসার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।