ভোক্তাদের স্বস্তি দিতে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদনে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে, যার ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমবে।’
শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ১১৬টি অধ্যাদেশ জারি করেছে। তিনি বলেন, ‘গত ১৮ মাস অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, দেশের জনগণ তার মূল্যায়ন করবে। সরকার গত ১৮ মাসে ৬৮টি মন্ত্রিসভা বৈঠকের (ক্যাবিনেট মিটিং) মাধ্যমে ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার সিংহভাগই বাস্তবায়িত। এ ছাড়া ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি একটি অপপ্রচার, এর কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে আমানত বুঝিয়ে দেওয়া।’
১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করে তিনি বলেন, ‘নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর যাবে না।’