১১৫ দিন পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে পারস্য উপসাগরে ১১৫ দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।

ইরানি বাহিনীর অনুমতি নিয়ে সোমবার দিবাগত রাত ৩টা ১২ মিনিটে প্রণালিটি পার হয় জাহাজটি। ফলে দীর্ঘ অনিশ্চয়তার অবসান হলো জাহাজটিতে থাকা ৩১ বাংলাদেশি নাবিকের।

গত ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে আটকে ছিল জাহাজটি। বর্তমানে এটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।

জাহাজটি তার মূল গন্তব্য দক্ষিণ আফ্রিকায় গিয়ে পণ্য খালাস করবে বলে জানিয়েছেন শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

তিনি জানান, জাহাজের সব নাবিক সুস্থ রয়েছেন। অচলাবস্থা থেকে মুক্তি মেলায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।