বাণিজ্য ঋণের ৪০-৫০ শতাংশ খেলাপি

দেশের ব্যাংক খাতে বাণিজ্যসংক্রান্ত ঋণের গড়ে ৪০ থেকে ৫০ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। আর উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর ক্ষেত্রে এ হার ৮০ শতাংশেরও বেশি। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরে বক্তারা বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আয় ও বিনিয়োগ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বুধবার রাজধানীতে বিআইবিএমে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, আমদানির দায় পরিশোধ এবং রপ্তানি আয়ের দীর্ঘসূত্রতার কারণে ব্যাংকগুলোর ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। তারা জানান, এলসি (লেটার অব ক্রেডিট) খোলার ক্ষেত্রে ব্যাংক ও ব্যবসায়ীদের মধ্যে দুর্বল চুক্তি এবং পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাবে ব্যবসা পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। এসব দুর্বলতার সুযোগ নিয়ে অর্থ পাচারের ঘটনাও ঘটছে।

সেমিনারে অংশ নেওয়া ব্যাংকাররা বলেন, এলসি খোলার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তারা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিয়ন্ত্রক সংস্থা, বাণিজ্যিক ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিআইবিএমের গবেষকরা বলেন, উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে হলে ব্যাংকারদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা জরুরি।