হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি সর্বোচ্চ ভাড়া ৭ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর পল্টনে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
এসময় সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ বাবু জানান, সরকার নির্ধারিত কেজিপ্রতি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা আলু সংরক্ষণ ভাড়া বর্তমান বাস্তবতায় অযৌক্তিক। বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের সুদ, কর্মীদের বেতন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়েছে।
কিন্তু তা বিবেচনায় না নিয়েই সরকার আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ করেছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতি চলতে থাকলে অনেক হিমাগার আর্থিক সংকটে পড়বে এবং আলু সংরক্ষণ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়তে পারে।
তাই অন্তত কেজিপ্রতি ৭ টাকা ভাড়া নির্ধারণ জরুরি। না হলে হিমাগার শিল্প, আলু চাষি এবং দেশের খাদ্য সংরক্ষণ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এসময় আলু রপ্তানিতে নগদ প্রণোদনা ১০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশে উন্নীত করার দাবিও জানান হিমাগার মালিকরা।