আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, সারসহ নিত্যপণ্যের দামে সরবরাহ সংকটে বাংলাদেশের প্রবৃদ্ধি ও সামষ্টিক স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হতে পারে। এমন আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ– আইসিসিবি।
এর পরিপ্রেক্ষিতে এলডিসি উত্তরণও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আইসিসিবি’র ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুন ২০২৬ এর বুলেটিনের সম্পাদকীয়তে এ আশঙ্কার কথা জানানো হয়।
আইসিসিবি বলছে, মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি, গ্যাস, জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বাড়ছে।
আইসিসিবি ও অক্সফোর্ড ইকোনমিক্সের যৌথ প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক নীতি ও ভূরাজনৈতিক অনিশ্চয়তায় ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতিতে ব্যবসায়িক বিনিয়োগ ২০ হাজার ২০০ কোটি ডলার কমেছে। ফলে আমদানিনির্ভর বাংলাদেশে বাড়তে পারে মূল্যস্ফীতি ও অতিরিক্ত ব্যয়ের বড় চাপ।