জ্বালানি সংকটে দোকান ও শপিংমলকে সময় বেঁধে দিল সরকার। এখন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সময় নির্ধারণের তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। আজ ১২ আগস্ট থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং সকল প্রকার আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধকরণ, সকল প্রকার আলোকসজ্জা বন্ধ রাখা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান/অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



