সোনার দাম কিছুটা কমল 

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার ভারিতে ২ হাজার ১৫৮ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি ২ হাজার ১০০ টাকা কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। ১১৬ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৬ টাকা।

চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওইদিন সোনার ভরি হয়েছিল সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা।