সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দিন দিন টাকা উত্তোলনের পরিমান বাড়লেও তা ধারণার চেয়ে কম উত্তোলন হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সব ধরনের প্রস্তুতি মাথায় নিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া শুরু করেছে বলে জানায় সংস্থাটি।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, শুরুর দিকের তুলনায় এখন উত্তোলনের চাপ কমেছে। ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বাড়ায় এখন টাকা রাখার প্রবণতাও বাড়ছে।
তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্দেশ্য শুধুই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া নয়। বরং অন্যান্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাও। তবে তারল্য সংকট থাকায় এই মূহুর্তে বড় কোন বানিজ্যিক ঋণ দেওয়ার সুযোগ কম বলেও জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, ব্যবসায়ীরা এখন এলসি সুবিধা নিতে পারছেন । পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে কৃষিখাতে ৩ হাজার কোটি টাকার প্রকল্প চালু করেছে। সম্মিলিত ইসলামী ব্যাংক এই ফান্ড থেকে গ্রাহকদের ঋণ দিতে পারবে বলেও জানান আরিফ হোসেন খান।



