ক্রেতা সংকটে বন্ধের পথে অভিজাত শপিং মলগুলো

রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে দীর্ঘ দিন বেচাকেনায় মন্দা চলছে। সম্প্রতি কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় ভয় ধরেছে মালিক সমিতির। তারা বলছেন, দোকান ভাড়া, সার্ভিস চার্জ, কর্মীদের বেতন ও বিদ্যুৎ বিল নিয়ে হিমশিম খাচ্ছে অনেকে। ক্রেতা সংকটে বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে ছোট-বড় অনেক দোকান ও মার্কেটের।  

রাজধানীর রামপুরার মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী কামাল হোসেন। ১০ বছর ধরে ২ জন কর্মচারী দিয়ে সামলাতেন পোশাকের দোকান। কিন্তু বিক্রি কমে যাওয়ায় কর্মচারী ছাঁটাই করে দোকানে নিজেই বসছেন।

সম্প্রতি ব্যবসায়িক মন্দার কারণে বন্ধ হয়েছে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট। এ পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন অনেক ব্যবসায়ী। 

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘দোকান ভাড়া, সার্ভিস চার্জ, কর্মীদের বেতন ও বিদ্যুৎ বিল মেটানোই কঠিন হয়ে পড়েছে। খরচ চালানোর জন্য অনেককে ঋণ নিতে হচ্ছে।’

রাজধানীর পুরান ঢাকা, ধানমন্ডি, লালমাটিয়া, বাড্ডাসহ অনেক এলাকার শপিংমলের চিত্র একই। ক্রমাগত কমছে ক্রেতা। 

উচ্চ মূল্যস্ফীতির কারণে বেশিরভাগ মানুষের জীবনযাত্রার ব্যয় লাগামহীন হয়ে পড়েছে। নিত্যপণ্য কিনতেই বেশি টাকা খরচ হওয়ায় অন্যান্য কেনাকাটায় আগ্রহ কমেছে। বেচাবিক্রি কম হওয়ায় সংকটে পড়েছে শপিংমলগুলো। যার প্রভাব পড়েছে কর্মসংস্থানসহ সামগ্রিক অর্থনীতিতে। 

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে হবে।’

মানুষের কেনাকাটার সক্ষমতা কমেছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।