শেখ হাসিনাসহ অর্থ পাচারকারীরা শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীরা কেউই শান্তিতে থাকতে পারবে না বলে  মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখা বিএফআইইউ-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেন, পাচার অর্থ যেকোনো মূল্যে ফেরত আনা হবে। আর দুদক সচিব জানিয়েছেন, এ নিয়ে বিএফআইইউর সঙ্গে কাজ করতে নতুন কমিটি হয়েছে।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সেখানে উঠে আসে, ১৪ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য।

পাচার হওয়া অর্থ ফেরানোর অগ্রগতি পর্যালোচনায় আজ সোমবার বিকেলে দুদক চেয়ারম্যানের সাথে বিএফআইইউ প্রধানসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বৈঠক হয়। 

পরে বিএফআইইউ প্রধান সাংবাদিকদের জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে সময় লাগবে কমপক্ষে ৫ বছর।

বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, ‘আমরা যেভাবে কাজ করছি, পাচারকৃত অর্থ পুনরুদ্ধার করব ইনশাল্লাহ। এটার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যারা টাকা পাচার করেছে, তাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই যে, জনগণের টাকা পাচার করে, জনগণের টাকা লুণ্ঠন করে তারা কেউ শান্তিতে থাকতে পারবে না।’ 

পাচার অর্থ ফেরাতে বিএফআইইউয়ের সাথে কাজ করার কথা জানান দুদক সচিব। জানান, কমিটি গঠনের কথা।
দুর্নীতি দমন কমিশনের সচিব সাইদুর রহমান খান বলেন, ‘আজকে আমাদের কমিশন থেকে একটা কমিটি করে দেওয়া হলো। যারা বিএফআইইউর সঙ্গে একযোগে কাজ করবে। পাশাপাশি আমাদের রিসোর্স পারসন যারা আছে; আমাদের লক্ষ্য বিএফআইইউ ও দুর্নীতি দমন কমিশন মিলে পাচার হয়ে বাইরে চলে যাওয়া অর্থ আবার কীভাবে দেশে ফেরত আনা যায়। আমরা একযোগে কীভাবে কাজ করতে পারি এটার একটা কর্মপরিকল্পনা তৈরি করলাম।’

সন্ত্রাসে অর্থায়ন ও মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে এশিয়া-প্যাসিফিক গ্রুপের ২০২৭ সালের সম্মেলনের প্রস্তুতি হিসেবে বৈঠকে বসে দুদক-বিএফআইইউ।