দেশের বাইরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কৌশলগত কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স। অগ্রাধিকার দেওয়া হচ্ছে ২'শ কোটি টাকার বেশি খেলাপি ঋণ এবং বিদেশে অর্থ স্থানান্তরের ঘটনাগুলোকে।
আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলনে এ কথা জানান টাস্ক ফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী।
আওয়ামী লীগ আমলে ব্যাংক থেকে ঋণের নামে বেরিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা। অভিযোগ রয়েছে, এসব অর্থের বড় অংশই পাচার হয়েছে বিদেশে। এসব অর্থ উদ্ধারে চলছে তদন্ত, মামলা আর আন্তর্জাতিক যোগাযোগ।
বাংলাদেশ ব্যাংক আয়োজিত স্টোলেন অ্যাসেট রিকভারি নিয়ে সংবাদ সম্মেলনে টাস্ক ফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী বলেন, দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্থ উদ্ধারের কৌশল উন্নত করা হচ্ছে। আন্তর্জাতিক ল’ ফার্ম যুক্ত করার পাশাপাশি ফৌজদারি ও দেওয়ানি, দুই আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে টাস্কফোর্স।
ফরহানুল গণি চৌধুরী বলেন, ‘প্রশ্নটা হলো– টাকাটা কবে আসবে, সেটার চেয়ে আমরা পরিষ্কারভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছি কিনা। হলে আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি সময়ে সেটারই একটা ফল পাব। হয় ইতিবাচক, না হয় নেতিবাচক।’
সংবেদনশীল তথ্য প্রকাশ হলে পাচারকারীরা সম্পদ সরিয়ে ফেলতে পারেন। তাই তথ্য দেয়ার ব্যাপারে সতর্ক বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘একেকটি দেশের আইন একেকরকম। কোনো দেশ কালো টাকাকেও স্বাগত জানায়। আবার কোনো দেশে কোনোভাবেই কালো টাকা ঢোকার সুযোগ নেই। অতএব একেকটা দেশের আইন একেক রকম। একেকটা দেশের সংস্কৃতি একেকরকম। তাই আমাদের জন্য কঠিক কাজ হবে সেগুলো (টাকা) ফিরিয়ে আনা।’
তবে দেশের বাইরে কী পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে বলেনি বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স।


