দেশের বিভিন্ন অঞ্চলে কাজের বড় সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, অর্থায়ন ও সেবার অভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম ও বান্দরবান এই পাঁচ অঞ্চল নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। শনিবার রাজধানীতে পিপিআরসি আয়োজিত মেসো ইকোনমি বা অর্থনীতির মধ্য স্তর নিয়ে এক অনুষ্ঠানে এ গবেষণার ফল তুলে ধরা হয়।
২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজার জন স্নাতক ডিগ্রিধারী। অথচ, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে শিল্প খাতের আকার বছরে ৯ দশমিক ১ শতাংশ হারে বাড়লেও, উৎপাদন খাতে কর্মসংস্থান কমেছে ৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ ডিগ্রি কাজের নিশ্চয়তা দিচ্ছে না।
কর্মসংস্থান নিয়ে সম্প্রতি দেশের ৫টি অঞ্চলের ১০০ জন তরুণ এবং ৫৯ জন নিয়োগদাতা ও উদ্যোক্তার ওপর জরিপ করে বেসরকারি গবেষণা সংস্থা-পিপিআরসি।
জরিপে উঠে আসে, দেশের প্রায় অর্ধেক আম উৎপাদিত হলেও রাজশাহীতে উল্লেখযোগ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা নেই। গবেষণায় বলা হয়, নোয়াখালীর উপকূলীয় অর্থনীতিতে কৃষি, প্রাণিসম্পদ ও নানা উদ্যোগের সুযোগ থাকলেও উপযোগী অর্থায়নের ঘাটতি রয়েছে। আবার চট্টগ্রামে কাজের সুযোগ থাকলেও, দক্ষ জনবল নেই। এসময় অন্যান্য অঞ্চলের তরুণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল সেবার অপ্রতুলতার কথাও তুলে ধরা হয়।
তরুণদের কর্মসংস্থান তৈরির বাধা দূর করতে সাতটি অগ্রাধিকার প্রস্তাব দেয় পিপিআরসি। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নারীদের জন্য সহায়ক পরিবেশ ও তরুণদের ব্যবসায় সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।