রাজনৈতিক অস্থিরতা ও শাসন ব্যবস্থায় বারবার পরিবর্তন দেশের উন্নয়নের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এ কথা বলেন তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সুশাসন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। এলডিসি উত্তরণের পাশাপাশি টেকসই উন্নয়নের নতুন ধাপে যেতে উৎপাদনশীলতা বাড়ানো, প্রযুক্তিগত উন্নয়ন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।’
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলেও মন্তব্য করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই অর্থনীতিবিদ বলেন, ‘পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই। পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘এলডিসি উত্তরণের বর্ধিত সময় কাজে লাগিয়ে প্রস্তুতি নিতে হবে।’


