১০ মাসে দেশে সোনার দাম কমল ৩৫ শতাংশ, ২২ ক্যারেটের ভরি দুই লাখের নিচে

বিশ্ববাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে দেশের সোনার বাজারেও। গত ১০ মাসে দেশের বাজারে দাম প্রায় ৩৫ শতাংশ কমে ২ লাখের নিচে নামল সোনার ভরি। চলতি মাসেই ৯ দফা কমেছে দাম। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং ডলার শক্তিশালী হওয়ার কারণে বিশ্বজুড়ে সোনার দাম কমছে। 

২০ নভেম্বর সোনার দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ, প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। 

এই দরপতনের প্রভাব এখন দেশের বাজারেও। চলতি মাসে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি– বাজুস। এর মধ্যে ২০ নভেম্বর এক দিনেই কমেছে প্রায় ১১ হাজার টাকা। এখন এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। গত জানুয়ারিতে ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। 

এদিকে বাজুস সোনার অলংকার বদল ও ক্রয় নীতিমালায় পরিবর্তন এনেছে। নতুন নীতিমালা অনুযায়ী, জুয়েলারি প্রতিষ্ঠানে পুরোনো অলংকারের বদলে নতুন কিনতে গেলে পুরোনো অলংকারের বর্তমান ওজন থেকে ৯ শতাংশ বাদ দিয়ে দাম ঠিক করা হবে। অন্যদিকে পুরোনো অলংকার বিক্রি করতে গেলে ১৫ শতাংশ ওজন বাদ দেওয়া হবে। এত দিন যার পরিমাণ ছিল ১৮ শতাংশ। 

বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে বিশ্ববাজারে সোনার দাম কমছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে আগামীতে সুদের হার বৃদ্ধির আশঙ্কা এবং আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে, যার প্রভাব পড়ছে সোনার বাজারে।