মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট

ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।

বুধবার আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। 

রক্ষণাবেক্ষণের সময় কেন্দ্রটির প্রয়োজনীয় যন্ত্রপাতি পরীক্ষা ও সার্ভিসিং করা হবে। ভবিষ্যতে কারিগরি ত্রুটি এড়াতেও প্রয়োজনীয় কাজ করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির সম্মতি নেওয়া হয়েছে। তবে এ সময়ে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। ফলে রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির অর্ধেক উৎপাদন সক্ষমতা বন্ধ থাকবে।