সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা 

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।

আজ বৃহস্পতিবার বিকেলে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধির কারণে দাম বেড়েছে।

এক লিটার বোতলজাত সয়াবিন তেলের আগের দাম ছিল ২০৪ টাকা। এদিকে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ১৮৮ টাকা। তবে খোলা পাম তেলের লিটার ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এছাড়াও, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।