শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ: অর্থমন্ত্রী

রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের পেছনে অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। 

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, বর্তমান মূল্যস্ফীতি নিয়ে সরকার সন্তুষ্ট নয় এবং এটি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমানো জরুরি। যাতে মানুষের আয় ও মজুরির সঙ্গে সামঞ্জস্য থাকে। 

মন্ত্রী বলেন, ‘গরীবের চাপ কমাতে স্বল্প মুল্যে চাল বিতরণসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া ৫০ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় রয়েছে, কৃষকদের সহায়তায়ও উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, গত ৫ বছরে ঋণ আগের ২০ বছরের ঋণকেও ছাড়িয়ে গেছে। স্বচ্ছতা আনতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে বলেও জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ায় দেশের মূল্যস্ফীতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। মূল্যস্ফীতির হার কমলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। রাস্তায় শ্রমিকদের অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষ। বাজেটে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেগুলো বাস্তবায়নে আমরা কাজ করছি।’