অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। এ প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে। তবে অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে এ বাস্তবতা মেনে নিয়েই সরকারকে এগোতে হবে।
তিনি বলেন, ‘আমরা এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছি এবং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছি। এ মুহূর্তে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। আমাদের এ বাস্তবতা মেনে নিতে হবে।’
আজ রোববার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। সভাপতিত্ব করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। পরিকল্পনা কমিশনের সদস্যরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেল, গ্যাস ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে। আন্তর্জাতিক বাজারে বেশি দামে এসব পণ্য কিনতে গিয়ে সরকারি কোষাগারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের প্রতিদিনই সংকট সামাল দিতে হচ্ছে। বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনতে হচ্ছে। বেশি দামে এসব পণ্য আমদানি করায় সরকারি অর্থের ওপর প্রচণ্ড চাপ পড়ছে।’
আমির খসরু বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে আমদানির মাধ্যমেও মূল্যস্ফীতির চাপ বহন করতে হচ্ছে। আমদানিজনিত মূল্যস্ফীতি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কিছুটা সুযোগ রয়েছে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা চলছে। তবে মূল্যস্ফীতি আরও কমিয়ে আনা জরুরি।
অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রথম বছরটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা অর্জনের জন্য বিশেষভাবে কঠিন হবে। তবে পরবর্তী বছরগুলোতে অর্থনীতিতে আরও শক্তিশালী গতি ফিরিয়ে আনতে হবে।