আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সাথে মতবিনিময়ে তিনি এ নির্দেশ দেন। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী।
এ সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য কেন্দ্রসচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। একই সাথে তিনি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা নিশ্চিতের নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাশী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ পরীক্ষা কেন্দ্রের সচিববৃন্দ।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী বোর্ডের অধীনে ৮টি জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২০৮টি। পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন।
আগামী ২ জুলাই থেকে শুরু হবে এ বছরের এইচএসসি পরীক্ষা।