এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৩ লাখ ৪২ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন না। শিক্ষা মন্ত্রণালয় তথ্য অনুযায়ী, প্রতিবছর পাবলিক পরীক্ষায় অনেকেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন না। তবে এ বছর এই প্রবণতা গত কয়েক বছরের তুলনায় অস্বাভাবিক রকমের বেশি।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা না দেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। এক বছরের ব্যবধানে প্রায় ৭ শতাংশ বেড়ে তা দাড়িয়েছে ৩৬ শতাংশে।
নিয়মিত-অনিয়মিত মিলিয়ে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিবন্ধন করেছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। কিন্তু শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী।
শিক্ষাবিদ নূরে আলম সিদ্দিকী জানান, প্রতিবছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী নিবন্ধন করেও শেষ পর্যন্ত অনেকেই অংশ নেন না পরীক্ষায়। গত বছরের তুলনায় এ হার বেড়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, বিগত দিনের মতো এবার প্রস্তুতি ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না, সে কারণে হয়তো ঝরে পড়ার হার বেড়ে গেছে। কিন্তু এটি খারাপ নির্দেশক, তাই এটিকে এড্রেস করা হবে। এজন্য শিক্ষক প্রশিক্ষণকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।