শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু কথার ফুলঝুরি দিয়ে নয়, বরং শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সরকার।’ 

মন্ত্রী বলেন, ‘সরকারের বাজেট ঘাটতি নেই, শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে যা যা প্রয়োজন সব গ্রহণ করবে সরকার।’ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘শিগগিরই কারিকুলাম পরিবর্তন ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা হবে।’ 

এসময় অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩৭টি কলেজের ৫৭জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।