এ বছরই নতুন সিলেবাসের বই পাবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পুরুস্কৃত করেন তিনি। উন্নত রাষ্ট্র গড়তে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন সম্মাননা পাওয়া শিক্ষকরা।   

বাস্তবতাকে সামনে রেখেই সরকার নতুন সিলেবাস প্রণয়ন করেছে বলে জানান প্রধানমন্ত্রী। দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাবে, এমন আশ্বাসও দেন তিনি।   

প্রধানমন্ত্রী বলেন, 'সরকার নতুন সিলেবাস প্রণয়ন করছে। এ বছরই ইনশাআল্লাহ্‌ শিক্ষার্থীরা নতুন সিলেবাস অনুযায়ী বই তাদের হাতে পাবে।' 

শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও যথার্থ সম্মান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আশ্বাস দেন, শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে, সব শিশুকে শিক্ষার সুযোগ করে দেয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।