দেশে আবারও আসছে বলিউড বাদশা শাহরুখ খানের ছবি। নাম—জওয়ান। তবে একই সপ্তাহে থাকছে দেশের একাধিক ছবি।
পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মুক্তির তালিকায় আছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’। এ ছাড়া দীপংকর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ও একই দিনে মুক্তির কথা শোনা যাচ্ছে।
শাহরুখ খানের ‘জওয়ান’র সঙ্গে দেশীয় ছবি পাল্লাটা কেমন হবে তা নিয়েও আছে দর্শকদের আগ্রহ।
তবে এ বিষয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জানিয়েছেন, প্রযোজক সমিতির নিয়মে আগামী সপ্তাহে শাহরুখের জওয়ানসহ অন্য সিনেমা মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই!
আর নিয়মের বাইরে গিয়ে ‘জওয়ান’ মুক্তি না দিতে হুঁশিয়ারিও দিয়েছে বরেণ্য এ নির্মাতা।
ঝন্টুর ভাষ্য, ‘প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। সে হিসেবে আমি আর পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলাম। তাই আমার “সুজন মাঝি” আর মুশফিকুর রহমান গুলজারের “দুঃসাহসী খোকা” সিনেমা মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। এই সপ্তাহে আর কোনো সিনেমা আসার সুযোগ নেই।’
ঝন্টু আরও বলেন, ‘এরপরও যদি নিয়মের বাইরে গিয়ে “জওয়ান” বা তৃতীয় কোনো সিনেমা মুক্তি দেওয়া হয়, তাহলে প্রযোজক সমিতির দায়িত্বে যারা আছেন, তাদের টেনেহিঁচড়ে রাস্তায় নামানো হবে।’
বরাবরই হিন্দি ছবির বিরোধিতা করে এসেছেন এ নির্মাতা। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, এ দেশে চলবে না হিন্দি ছবি। তার বিশ্বাস দেশের মানুষ বাংলা ভাষার ছবিই দেখে এসেছে আর তা-ই দেখবে। ‘জওয়ান’ ভারতসহ সারা বিশ্বে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।