মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। তিন সপ্তাহ পরেও একই গতিতে দর্শক টানছে সিনেমাটি। এরই মধ্যে ছুঁয়েছে ১০০০ কোটির মাইলফলকও। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছিলেন, এভাবে চলতে থাকলে শিগগিরই ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে ফেলবে ‘জওয়ান’। অবশেষে সেটিই হয়েছে, বক্স অফিসে ‘পাঠান’কে ছাড়িয়ে গেছে শাহরুখের নতুন ছবিটি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, গত জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ ছবির বৈশ্বিক বক্স অফিস আয় ছিল ১ হাজার ৫০ কোটি রুপি। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখেরই আরেক ছবি ‘জওয়ান’। মুক্তির ২৩ দিনেই বৈশ্বিক বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১ হাজার ৫৫ কোটি রুপি। এমনকি এ দুটি ছবি দিয়ে নতুন ইতিহাসও গড়ে নিয়েছেন বলিউড বাদশা। কারণ, ভারতে শাহরুখই একমাত্র অভিনেতা, একই বছরে যাঁর দুটি সিনেমা হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে, শাহরুখের সব রেকর্ড এখন ‘জওয়ান’-এর ঘরে। সেটা বাজেটের দিক দিয়ে হোক কিংবা মুক্তির প্রথম দিনেই হোক! ‘পাঠান’কে প্রথম থেকেই টেক্কা দিয়ে আসছিল ‘জওয়ান’। মুক্তির পর সবচেয়ে কম সময়ে ‘জওয়ান’ই প্রথম হিন্দি ছবি যা বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে নিজের নাম লিখিয়ে নেয়। আর বলিউড সূত্রে জানা যায়, ‘জওয়ান’ তৈরির বাজেট ৩০০ কোটি, যেখানে ‘পাঠান’-এর নির্মাণ ব্যয় ছিল ২৭০ কোটি।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘জওয়ান’। এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। পর্দায় শাহরুখ রয়েছেন দ্বৈত চরিত্রে। আরও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তের।