ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে ভারতে এসেছিলেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। মূলত নিজ দেশের খেলার প্রচারেই তাঁর এই সফর। মাঠে বসে খেলাও দেখেছেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপভোগ করেছেন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। এছাড়া বলিউডের বিভিন্ন পার্টিতেও উপস্থিত হয়েছিলেন তিনি। নিমন্ত্রণ ছিল শাহরুখের বাড়ি মান্নাতেও।
সেই সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিং খান। এদিন তাঁর পরনে ছিল একটি নীল টিশার্ট ও জিন্স। অন্যদিকে, বেকহ্যামের পরনে ছিল অলিভ টিশার্ট ও নীল স্ট্রাইপ ব্লেজার।
এই ছবি পোস্ট করে বেকহ্যামের প্রশংসা করে কিং খান লেখেন, ‘এই আইকনের সঙ্গে গতকাল রাতে। কী ভীষণ ভালো মানুষ। দীর্ঘদিন ধরেই তাঁর একজন গুণমুগ্ধ ছিলাম। কিন্তু এদিন দেখা হওয়ার পর, শিশুদের সঙ্গে তাঁর হৃদ্যতা দেখে উপলব্ধি করেছি যে কতটা মানবিক আর নম্র স্বভাবের তিনি।’
শাহরুখ তাঁর এই পোস্টে আরও লেখেন, ‘তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা রইল। খুব খুশি হলাম আলাপ করে। এবার একটু বিশ্রাম নিও।’
অন্যদিকে, দেশে ফিরেই শাহরুখকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বেকহ্যাম। তিনি লিখেছেন, ‘আপনি অসাধারণ মানুষ। আপনার বাসায় পা রেখে সম্মানিত বোধ করেছি। আপনার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার প্রথম ভারত সফরের শেষ দিনটা আপনার কারণে স্মরণীয় হয়ে থাকবে, আপনাকে ধন্যবাদ। আপনি ও আপনার পরিবার লন্ডনে আমার বাসায় আমন্ত্রিত, যেকোনো দিন, যেকোনো সময়।’
প্রসঙ্গত, বেকহ্যামের এই ভারত সফর কেটেছে ব্যাপক ব্যস্ততার মাঝে। গোটা ভারত যেন উন্মাদনায় মজেছিল তাঁকে পেয়ে। তাঁর আগমণ উপলক্ষে পার্টি রেখেছিলেন অভিনেত্রী সোনম কাপুর। সেই পার্টিতে হাজির হয়েছিলেন অর্জুন কাপুর, মালাইকা আরোরা, কারিশমা কাপুরের মতো তারকারা।