২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘ডানকি’। গুঞ্জন ছিল—একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত এই ছবি। তবে এখনও তা চূড়ান্ত হয়নি। এমন অবস্থায় একই দিনে বাংলাদেশে ‘ডানকি’ মুক্তি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শাহরুখ-ভক্তরা।
রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের সামনে ব্যানারসহ মানববন্ধন করে এসআরকে বাংলাদেশ সিএফসি। ভক্তদের দাবি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে এ দেশেও যেন মুক্তি পায় ‘ডানকি’।
তাঁদের ভাষ্য, ‘আর মাত্র ৩ দিন বাকি কিন্তু বাংলাদেশে ডানকি রিলিজ নিয়ে কোনো আপডেট নেই। ছবিটি বাংলাদেশে রিলিজ হলেও একই দিনে হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই সারা বিশ্বের সাথে একই দিনে ডানকি মুক্তি দেওয়া দাবি জানাই আমরা।’
প্রসঙ্গত, ডানকি ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। কাহিনি এগিয়েছে হার্ডি ও তার চার বন্ধুকে ঘিরে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।
বাংলাদেশে ডানকি আমদানির জন্য চেষ্টা করছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সিনেমাটির আমদানি প্রক্রিয়া কত দূর, জানতে চাইলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বললেন, ‘আমরা একই দিনে সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এরইমধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে মুক্তির অনুমতি পেয়েছে ডানকি। এখন সেন্সরের অপেক্ষায়।’
ভক্তদের দাবির বিষয়টি তুললে তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) যদি সেন্সর ছাড়পত্র পায় তবে এর পরের দিনই এটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে। আমাদের কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, সেগুলো সম্পন্ন হলেই একটি সিনেমা মুক্তি পায়।’
প্রসঙ্গত, ডানকি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। শাহরুখ খান ছাড়াও এতে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে।