বক্ষরোম রাখতে বলায় পরিচালককেই ছবি থেকে বাদ সালমানের

বলিউডের ‘ভাইজান’ তিনি, কোনো কিছু পছন্দ না হলে আশপাশ দিয়েও ঘেঁষতে দেন না। আর একই কারণে সালমান খান ছবি থেকে পাল্টে ফেলেছিলেন স্বয়ং পরিচালককেই। 

এটি ঘটেছিল তুমুল আলোচিত ছবি ‘তেরে নাম’র ক্ষেত্রে। এর আগে একের পর এক ফ্লপ ছবি এনে নিজে কোণঠাসা থাকলেও মেজাজে সালমান ছিলেন ভাইজানের মতোই। আর বাদ পড়া পরিচালকটি ছিলেন আরেক বিখ্যাতজন অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি পুরনো এই বিষয়ে কথা বলেন নির্মাতা। জানান, ২০০৩ সালে ঘটেছিল সেই ঘটনা। সে বছরই মুক্তি পেয়েছিল সালমান ও ভূমিকা চাওলা অভিনীত ছবি ‘তেরে নাম’। 

অনুরাগ বলেন, ‘‘তেরে নাম’ ছবিটি লেখার পরেও আমায় পরিচালনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ, আমি সালমান ভাইকে বলেছিলাম বুকের লোম থাকলে এই চরিত্রটা আরও ভালোভাবে ফুটে উঠবে। কিন্তু তিনি তো ভাইজান। সেটা তো তিনি করলেনই না। উল্টো আমায় বাদ দিয়ে দেওয়া হয়। পরে ছবিটি পরিচালনা করেছিলেন সতীশ কৌশিক।” তারপর অবশ্য অনুরাগের ছবিতেও কখনও দেখা যায়নি সালমানকে।

এদিকে দুজনের পথ দুদিকে গেলেও নিজেদের মতো করে কাজ করে চলেছেন অনুরাগ ও সালমান। 

কিছু দিন আগে মুক্তি পেয়েছে নায়কের ‘টাইগার ৩’ ছবিটি। অন্যদিকে, অনুরাগ পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কেনেডি’। এই ছবির জন্য দর্শকমহলে প্রশংসিত হয়েছেন তিনি।