জওয়ান-পাঠান ব্লকবাস্টার, তারপরও শাহরুখের সেরা বছর ২০২৩ নয়!

বিদায়ী বছর ২০২৩ সালে হ্যাটট্রিক হাঁকিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। একে একে মুক্তি পেয়েছে ‌‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’। এর মধ্যে বক্স অফিসে সবচেয়ে বেশি বাজিমাত করেছে জওয়ান। গত বছর মুক্তিপ্রাপ্ত সব ছবিকেই ছাপিয়ে গেছে এটি। বিশ্বব্যাপী ১ হাজার ১৪৮ কোটি রুপির ব্যবসা করেছে অ্যাটলি পরিচালিত এই ছবি। ভক্তদের মতে, ২০২৩ সালেই সেরা বছরটি কাটিয়েছেন কিং খান! কিন্তু না, অভিনেতার ক্যারিয়ারে সবচেয়ে সেরা বছর ১৯৯৫ সাল। 

ইন্ডিয়া টিভির বরাতে জানা যায়, ওই বছর মুক্তি পেয়েছিল শাহরুখের সাতটি ছবি। এর মধ্যে চারটি সিনেমাই মেগাহিট। ওই বছরই মুক্তি পায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গা’ (ডিডিএলজে)। যার মাধ্যমে বলিউডে শাহরুখ পেয়েছিলেন ‘রোমান্স কিং’ উপাধি। 

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গা সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

এ ছাড়াও একই বছর শাহরুখের সুপারহিট ছবির তালিকায় রয়েছে ‘করন অর্জুন’। এতে দ্বিতীয় মুখ্য চরিত্রে ছিলেন সালমান খান। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো একসঙ্গে পর্দা রাঙিয়েছিলেন দুই সুপারস্টার। এখনও সর্বকালের জনপ্রিয় হিন্দি ছবির একটি এই ছবি।

ওই বছর সুপারহিট হয়েছিল শাহরুখের ‘রাম জানে’ সিনেমাটিও। এটা অভিনেতার ক্যারিয়ারে চতুর্থ সিনেমা, যেখানে তিনি অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করেন। ব্যাপক ব্যবসাসফল হয়েছিল এটি। এ ছাড়াও একই বছর মুক্তি পেয়েছিল শাহরুখের ‘ত্রিমূর্তি’। তারকাবহুল এ সিনেমাও বক্স অফিসে হয়েছিল সুপারহিট। জ্যাকি শ্রফ ও অনিল কাপুর ছিলেন মুখ্য চরিত্রে।
 
জওয়ান সিনেমায় শাহরুখ। ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট

অন্যদিকে, ২০২৩ সালে হিন্দি সিনেমার ব্যবসা ছিল রমরমা। ‘পাঠান’, ‘গদর ২’, ‘টাইগার থ্রি’, ‘অ্যানিম্যাল’সহ বেশকিছু বলিউড ছবিই সুপারহিট। তবে সব ব্যবসাকে ছাপিয়ে গেছে শাহরুখ খানের ‘জওয়ান’। 

সিনেমাটি মূলত হাই-অ্যাকশন থ্রিলার ঘরানার। যেখানে সমাজের ভুলগুলো সংশোধন করার লক্ষ্যে এক ব্যক্তির আবেগঘন জার্নিকে ফুটিয়ে তোলে। এখানে শাহরুখ ছাড়াও আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতি। এ ছাড়া দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে ক্যামিও চরিত্রে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখের ‘পাঠান’। এটির ব্যবসা ১ হাজার ৩৪ কোটি রুপি। 

ডানকি সিনেমায় শাহরুখ। ছবি: সংগৃহীত

তৃতীয় স্থানে রয়েছে রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিম্যাল’। বক্স অফিসে ৮৭২ কোটি টাকার ব্যবসা করেছে এটি। এখনও চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। তবে সিনে-বিশেষজ্ঞদের মতে, জওয়ানকে ছাড়িয়ে যাওয়ার কোনো সম্ভবনা নেই এই ছবির।

স্যাকনিল্ক ডটকমের প্রতিবেদন বলছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী ১৩ হাজার ৪৭ কোটি রুপির ব্যবসা করেছে বলিউড। এর মধ্যে শুধু ভারতেই সিনেমাগুলো ব্যবসা করেছে ৪ হাজার ৬২৪ কোটি রুপি।

এদিকে, ‘জওয়ান’, ‘পাঠান’-এর মতো না হলেও বক্স অফিসে মন্দ যাচ্ছে না শাহরুখের সর্বশেষ সিনেমা ‘ডানকি’। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৪১৭ কোটি রুপির ব্যবসা করেছে এটি।