দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্যুতি ছড়ালেন শাহরুখ খান। রোববার (২১ জানুয়ারি) ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’তে আবু ধাবি নাইট রাইডার্সকে (এডিকেআর) সমর্থন জানাতে হাজির ছিলেন তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছাড়াও এই টিমে মালিকানা রয়েছে তাঁর। স্টেডিয়ামে স্ক্রিন ডিসপ্লেতে বলিউড সুপারস্টারকে দেখে উদ্ভাসিত হন দর্শক। অভিনেতাকে ক্রমাগত শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে ওই ম্যাচের বেশ কিছু ভিডিও। ম্যাচে জয় লাভ করে শাহরুখের এডিকেআর। এ সময় গ্যালারি থেকে দলের মধ্যমণি ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। রাসেলও কম যাননি! দর্শকের নজর কেড়েছেন শাহরুখের সিগনেচার স্টাইলে।
ভিডিওতে দেখা যায়, ম্যানেজারের পাশে বসা শাহরুখ। পরনে নীল টি-শার্ট, ডেনিম জ্যাকেট, সানগ্লাস ও মাথায় ক্যাপ। বাউন্ডারি লাইনের দিকে এগিয়ে এসে অভিনেতার পোজে দৃষ্টি আকর্ষণ করছেন রাসেল। উল্লাসে ফেটে পড়েন বলিউড আইকন। উড়ন্ত চুম্বনে প্রতিক্রিয়া জানান তিনি।
প্রসঙ্গত, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক বলিউড বাদশা শাহরুখ খান। এ কথা সকলেরই জানা, তবে অনেকেই হয়তো জানেন না কিং খান শুধু কেকেআর-ই নয়, আরও তিন ক্রিকেটীয় ফ্র্যাঞ্চাইজির মালিক। আবু ধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সে মালিকানা রয়েছে তাঁর।
এদিকে, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে ম্যাজিক দেখিয়েছেন শাহরুখ। তিনটি ছবিই হয়েছে সুপারহিট। গুঞ্জন রয়েছে, এ বছর কন্যা সুহানা খান ও নির্মাতা সুজয় ঘোষের সঙ্গে সিনেমায় দেখা যাবে তাঁকে।