দীর্ঘদিন ধরেই নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার (১৬ মে) নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত ‘মেগালোপোলিস’ ছবির প্রদর্শনীর দিনে লালগালিচায় দেখা গেছে অভিনেত্রীকে। তাঁর পরনে ছিল একটি কালো গাউন।
ফ্যাশন ডিজাইনার ফাল্গুনি শেন পিককের নকশা করা ওই পোশাকে বুকজুড়ে সোনালি ‘জ্যামিতিক’ কারুকাজ। কাঁধ থেকে মাটিছোঁয়া ‘ট্রেন’-টি ছিল ঘিয়ে রঙের। পুরো গাউনজুড়ে সোনালি রঙের ছোট-বড় অজস্র প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। উৎসবের তৃতীয় দিনে এমন মোহময়ী রূপেই দ্যুতি ছড়ালেন তিনি। পরবর্তী সময়ে ব্লু গাউনেও দেখা গেছে তাঁকে। কিন্তু বিপত্তি অন্যত্র!
সমাজমাধ্যমে ওই বিভাগের যে ছবিগুলো উৎসব কর্তৃপক্ষ পোস্ট করেছেন, সেখানে ঐশ্বরিয়ার নাম উল্লেখ করা হয়নি। তাঁর সমাজমাধ্যমের হ্যান্ডলকেও ট্যাগ করা হয়নি। বিষয়টি নজরে আসতেই চটেছেন অভিনেত্রীর অনুরাগীদের একাংশ। ওই পোস্টের নিচে তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন।
একজন লেখেন, ‘আপনারা ক্যাপশনে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম উল্লেখ করলেন না, যিনি কিনা গ্রেটা গারউইগের আগে থেকে কানে যাচ্ছেন!’ যোগ করে এই অনুরাহী আরও লেখেন, ‘পশ্চিমীরা ভারতীয়দের প্রতি যে বর্ণবিদ্বেষী মনোভাব পোষণ করেন, তা দেখে আমি অবাক।’
আরেকজন ঐশ্বরিয়ার অ্যাকাউন্ট ট্যাগ করে লেখেন, ‘তাঁর নাম উল্লেখ করা হয়নি কেন?’ আবার একজনের ভাষ্য, ‘কানের রানী শুধুই ঐশ্বরিয়া।’
উৎসব কর্তৃপক্ষের এই বিতর্কিত আচরণে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই অসম্মানের নেপথ্যে কী উদ্দেশ্য। এখনও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয়রা যে অনেকাংশেই উপেক্ষিত, সে কথাই সমাজমাধ্যমে উঠে এসেছে।
সম্প্রতি মেট গালায় সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু নেটাগরিকদের একাংশের মতে, বিদেশি সংবাদমাধ্যম আলিয়াকে নিয়ে সেভাবে কোনো উৎসাহ দেখায়নি। এমনকি তাঁকে দীপিকা পাড়ুকোন বলে উপস্থিত সংবাদমাধ্যমের একাংশ ভুল করে বসেন। অনেকের মতে, ঐশ্বরিয়ার ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে ভারতীয়দের প্রতি পাশ্চাত্যের উপেক্ষাই যেন আরও একবার প্রমাণিত হলো!
যদিও এসব সমালোচনা শুরু হতেই উৎসব কর্তৃপক্ষ দ্রুত ভুল শুধরে নেন। তাঁরা ওই পোস্টে ‘ঐশ্বরিয়া রাই’ লেখেন এবং অভিনেত্রীর অ্যাকাউন্টকেও ট্যাগ করেন।
প্রসঙ্গত, বিগত ২০ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটেন ঐশ্বরিয়া। একটি প্রসাধনী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবেও তিনি সেখানে অংশ নেন। শুক্রবারও প্লাস্টার করা হাত নিয়ে কানের লালগালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। এ সময় তাঁর ছায়াসঙ্গী ছিল মেয়ে আরাধ্যা।