সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন এই অভিনেতা

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে অভিনেতার সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে এক আততায়ী। বিষয়টি টের পেয়ে গেলে রক্তারক্তি পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ব্যক্তির ছুরির আঘাতে গুরুতর আহত হন অভিনেতা। দ্রুত তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। টানা পাঁচদিন চিকিৎসা শেষে গতকাল বাড়ি ফিরেছেন সাইফ। এতে স্বস্তি বোধ করছেন তাঁর অনুরাগীরা। তবে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে এখনও।

সাইফের বিল্ডিংয়ের ১২ তলায় রাতের আঁধারে এইভাবে একজন ঢুকে পড়ার ঘটনায় হতবাক সকলেই। অবশেষে বড় পদক্ষেপ নিলেন অভিনেতা। তাঁর পরিবারের নিরাপত্তার দায়িত্ব দিলেন আরেক অভিনেতাকে, তিনি রনিত রায়। এখন থেকে রনিতের সিকিউরিটি ফার্মই সাইফ ও তাঁর পরিবারের নিরাপত্তা দেখভাল করবে।

এ বিষয়ে অবশ্য বেশি কিছু জানাতে চাইছেন না রণিত। শুধু তথ্যটি নিশ্চিত করে গণমাধ্যমে বললেন, ‘আমরা ইতিমধ্যে সাইফের সাথে এখানে আছি। তিনি এখন ভালো আছেন এবং বাড়ি ফিরে এসেছেন।’

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সাইফ। ছবি: সংগৃহীত

হাসপাতালে থাকাকালে সাইফকে দেখতে এসেছিলেন বলিউড তারকারা। রানি মুখার্জি থেকে সঞ্জয় দত্ত, বাদ যাননি কেউই। নিয়মিত হাসপাতালে দেখা মিলেছে তাঁর স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের।

চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় সাইফকে হাসিমুখে দেখা গেছে। পুলিশি নিরাপত্তা বলয়ে মোড়া ছিলেন তিনি। হাতে চোটের চিহ্নও দেখা যায়। চোখে ছিল কালো ফ্রেমের চশমা। হাত জোর করে অনুরাগীদের উদ্দেশে ধন্যবাদ জানান তিনি। 

প্রসঙ্গত, সাইফরে ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ, যাকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হচ্ছে। তদন্তকারীদের ভাষ্য, শরিফুলের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। পাঁচ-ছয় মাস আগে তিনি মুম্বাই গিয়েছেন। এদিকে, অভিযুক্তের আইনজীবী বলছেন, শরিফুল কোনোভাবেই বাংলাদেশি নন, তাঁর মক্কেলকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস