বিয়ে করলেন নার্গিস ফাখরি

বলিউডে পরিচিতি পাওয়া, তারপর দীর্ঘদিন আড়ালে থাকা—নার্গিস ফাখরির জীবন যেন সিনেমার চেয়ে কম নাটকীয় নয়। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিনি বিয়ে করেছেন মার্কিন ব্যবসায়ী টনি বেগকে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সপ্তাহখানেক আগেই, আর এখন নবদম্পতি সুইজারল্যান্ডে হানিমুনে ব্যস্ত।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের এক বিলাসবহুল হোটেলে বসেছিল নার্গিস-টনির বিয়ের আসর। খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই এই আয়োজন সম্পন্ন হয়েছে। যদিও এখনো তাদের আনুষ্ঠানিক বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি, তবে এক ঘনিষ্ঠ বন্ধু সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পাঁচতলা কেকের ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা— ‌‘শুভ বিবাহ, এনটি ও টিবি।’ নেটিজেনদের ধারণা, এটি নার্গিস ও টনির নামের আদ্যক্ষরই নির্দেশ করে।

নার্গিস ও টনি। ছবি সংগৃহীতনায়িকা তাঁর ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। শুধু তাই নয়, টনির ইনস্টাগ্রাম স্টোরিও তিনি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এতে স্পষ্ট, নবদম্পতি একসঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন, নতুন জীবন উপভোগ করছেন।

‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’-এর মতো সিনেমার মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা পেলেও, গত কয়েক বছরে ইন্ডাস্ট্রির সঙ্গে তার দূরত্ব বেড়েছে। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বলিউডে থাকাকালীন সময়েও তার ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি। এক সময় রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন ছিল। এরপর প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন। সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও, বিচ্ছেদের পর তিনি জানিয়েছেন, সেই সম্পর্ক তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল।

নার্গিসের প্রেমজীবন নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী হলেও, এবার তিনি নতুন পথে হাঁটলেন। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সংসার গড়ে। বলিউডে তার ফেরার সম্ভাবনা কতটা, সেটি সময়ই বলে দেবে। তবে আপাতত, তিনি ভালোবাসার মানুষের সঙ্গে জীবনের বিশেষ মুহূর্ত উপভোগ করছেন।