প্রথমবার কানে যাচ্ছেন আলিয়া

বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। প্রথমবার সেখানে পা রাখছেন তিনি। এ খবর শুনে অবাক হয়েছেন অনেকে! কারণ একটাই, নন্দিত এই বলিউড অভিনেত্রীর এখনও কান উৎসবে অংশ নেওয়া হয়নি, তা অনেকেরই অজানা। 

সুপারস্টারদের বাইরেও অনেক বলিউড অভিনয়শিল্পী ছুটে গেছেন কান সাগরপাড়ে। চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে নামী-বেনামী তারকার দেখা মিলে সেখানে, অথচ আলিয়া সেখানে যাননি! বিস্ময়ভরা এ প্রশ্ন উঠে এসেছে নেটিজেনদের মুখে। তবে আলিয়া নিজেই যখন বিষয়টি খোলাসা করেছেন, তখন আর এ নিয়ে প্রশ্নের অবকাশ থাকে না।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) মুম্বাইয়ে পাপারাৎজিদের নিয়ে প্রি-বার্থডে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আলিয়া। এ অনুষ্ঠানেই তিনি ফাঁস করেন কানে যাওয়ার খবরটি।

অভিনেত্রী জানান, চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন তিনি। এমনিতেও প্রতি বছর কানের মঞ্চে ভারতীয় বিনোদর দুনিয়ার তারকাদের দেখা যায়। সেই তালিকায় ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে অদিতি রাও হায়দরি, এশা গুপ্তা, মল্লিকা শেরওয়াত, ম্রুণাল ঠাকুর, হিনাসহ রয়েছে অনেকের নাম। সেখানে এবার নবতম সংযোজন আলিয়া ভাট। 

এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা। সেই আমন্ত্রণ এবার আলিয়া ভাটের কাছে। এ নিয়ে আগেও গুঞ্জন শোনা গিয়েছিল, তবে বিষয়টি যে সত্যি, সেটি নিশ্চিত করেছেন আলিয়া নিজেই। তাঁর কথায়, ‘আমি এখন প্রহর গুনে যাচ্ছি কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য। কারণ অভিনয় জগতের সবার মতো আমার কাছেও এই উৎসবটি স্পেশাল।’ 

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি প্রযোজনা নিয়েও ব্যস্ত আলিয়া ভাট। অভিনেত্রী হিসেবে যেমন ভিন্ন স্বাদের গল্প-চরিত্রের সিনেমা বেছে নিয়েছেন, তেমনি প্রযোজক হিসেবেও ভালো কিছু কাজ উপহার দেওয়া তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন। ইতিমধ্যে বলিউড জয় করে পা রেখেছেন হলিউডেও। দর্শক প্রশংসা কুড়িয়েছেন তিনি হলিউডের ‘হার্ট অব স্টোন’-এ অভিনয়ের মাধ্যমে। ২০২৪ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও যুক্ত হয়েছে আলিয়ার নাম।