১৯৯৯ সালে জোধপুরে একটি ছবির শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে। দীর্ঘদিন আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয় তাকে।
এবার কয়েক ধরনের বিরল বন্যপ্রাণীর মাংস খেয়ে বিপাকে পড়েছেন ‘লাপাতা লেডিজ’-খ্যাত অভিনেত্রী ছায়া কদম।
কিরণ রাও পরিচালিত ওই ছবিতে ‘মঞ্জু মা’র চরিত্রে অভিনয় করেছিলেন মারাঠি অভিনেত্রী ছায়া কদম। সম্প্রতি তাঁর অভিনীত ছবি ‘অল ইউ ইমাজিন অ্যাজ লাইট’ সম্মানিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছেন, তিনি ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন। এই স্বীকারোক্তির জেরে বন দফতরের তরফে ইতোমধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে তার কাছে।
এই মন্তব্যের জেরে মুম্বাইভিত্তিক এনজিও ‘প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি’ ছায়া কদমের বিরুদ্ধে বন্যপ্রাণী শিকারে জড়িত থাকার অভিযোগ তুলে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে।
এনজিওটি ছায়ার বিরুদ্ধে থানের প্রধান বন সংরক্ষক এবং বিভাগীয় বন কর্মকর্তার কাছে একটি অভিযোগপত্র পাঠিয়েছে। বিভাগের বন কর্মকর্তা রোশন রাঠোর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি, যা তদন্তের জন্য প্রধান বন সংরক্ষক ও উপ-বন সংরক্ষকের কাছে পাঠানো হয়েছে। অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।’
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি ছায়া কদম।