জেদ্দার রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুধবার (১০ ডিসেম্বর) সবার নজর কাড়লেন বলিউড তারকা সালমান খান। অংশ নিলেন মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোবসের গালা ডিনারে। পাশাপাশি একই ফ্রেমে ধরা দিলেন হলিউড তারকা ইদ্রিস এলবা ও এডগার রামিরেজের সঙ্গে। উৎসবের অফিসিয়াল সামাজিকমাধ্যমে প্রকাশিত সেইসব ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে।
এ বছর উৎসবে বলিউডের যেসব তারকা উপস্থিত, তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম সালমান। ক্লাসিক ‘অল ব্ল্যাক’ পোশাকে ক্লিন শেভে ছিলেন তিনি—কালো স্যুট, সঙ্গে মিলিয়ে কালো শার্ট আর টাই। একটি বহুল শেয়ার হওয়া ছবিতে দেখা যায়, সালমান দাঁড়িয়ে আছেন রামিরেজ ও এলবার মাঝখানে। রামিরেজের গায়ে কালো মখমলের জ্যাকেট, আর এলবার পরনে সাদা গেঞ্জির ওপর কালো ডাবল-ব্রেস্টেড জ্যাকেট।
ভক্তদের প্রতিক্রিয়া: ‘ভাই তো বয়স কমিয়ে ফেলছেন!’
সালমানের তীক্ষ্ম ক্লিন দেখে নেটদুনিয়ায় প্রশংসার ঢেউ। ভক্তদের একজন লিখেছেন, ‘ভাই তো উল্টো দিকে বয়স কমাচ্ছেন!’ আরেকজনের মন্তব্য, ‘পুরনো দিনের সালমানকে মনে করিয়ে দিচ্ছে।’
এক জনপ্রিয় পোস্টে এমনও লেখা হয়েছে, ‘সালমান, এলবা আর রামিরেজ—একফ্রেমে তিন তারকার তিন রকমের মহিমা।’
রেড কার্পেটে সালমান: ‘এ জায়গাটা আমার ভালো লাগে’
রেড কার্পেটে দাঁড়িয়ে সালমান বললেন, ‘এখানে থাকতে আমার ভালো লাগে। সৌদি এখন বেশ আসি। জায়গাটা দ্রুত বদলে যাচ্ছে, মানুষও দারুণ। নিজেদের সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতিকেও জায়গা দিচ্ছে।’
তিনি আলিয়া ভাটকে সম্মাননা দেওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, ‘আলিয়াকে সম্মান জানানোটা দারুণ সিদ্ধান্ত। সৌদি সত্যিই অনেক দূর এগোচ্ছে।’
সামনে কী আসছে সালমানের
সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে, যা বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরপর দেখা দেন আরিয়ান খানের প্রথম ধারাবাহিকের একটি অতিথি চরিত্রে। পাশাপাশি উপস্থাপনা করছেন বিগ বস’র নতুন মৌসুম।
এবার তিনি আসছেন গালওয়ান যুদ্ধনির্ভর এক ছবিতে। অপুর্ব লাখিয়া নির্মাণ করছেন এ ছবি, যেখানে ভারত–চীন সংঘর্ষের কঠোর বাস্তবতা উঠে আসবে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিংও।