নির্মাতা আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। এরপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরেও ব্যাপক দর্শক পেয়েছে। মুক্তির ৫৯তম দিনেও প্রায় ১৩০০ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। তাই ভক্তরাও মুখিয়ে ছিল ‘ধুরন্ধর ২’র জন্য। এবার সেই অপেক্ষার অবসান! মঙ্গলবার দুপুর ১২টা ১২ মিনিটে মুক্তি পেল সিক্যুয়েলটির টিজার। শিরোনাম ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
এ ছবির দ্বিতীয় অধ্যায়ের চিত্রনাট্য সাজানো হয়েছে রণবীর সিং অভিনীত চরিত্র হামজার প্রতিশোধের কাহিনি ঘিরে। মূল সিনেমাটি যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে সিক্যুয়েলের গল্প।
অভিনেতা রণবীর সিং ও প্রযোজনা প্রতিষ্ঠান জিও স্টুডিওর অফিসিয়াল পেজ থেকে শেয়ার হয়েছে টিজারটি। মূল ছবির শেষদিকে কিছু মন্তাজ দেখানো হয়েছিল। সেই মন্তাজগুলো দিয়েই এবার সিক্যুয়েলের টিজার তৈরি করা হয়েছে। পর্দায় যে হামজার প্রতিশোধ কাহিনি ফুটিয়ে তোলা হবে, সেটাও বেশ আঁচ করা গেছে। থাকছে সাধারণ ছেলে থেকে হামজা হয়ে ওঠার গল্পও।
মূল ছবির টিজারে রণবীর সিংকে খুব বেশি দেখানো হয়নি, তা নিয়ে দর্শকের একাংশের ক্ষোভ ছিল। এবার আর দর্শকের ক্ষোভের জায়গা দেননি নির্মাতা। কারণ সিক্যুয়েলের টিজারজুড়ে রণবীরকেই দেখা গেছে। একঝলকে দেখা গেছে মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তকে। শেষ ঝলকে জানানো হয়, আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালেই প্রকাশ্যে এসেছে ধুরন্ধর ২’র ফার্স্টলুক। সেখানে লেখা, ‘এখন আরও খারাপ হওয়ার সময়’! জানা গেছে, পাঁচটি ভাষায় (হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম) বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি।