বলিউডের চিরসবুজ তারকা সালমান খান। ৬০ বছর বয়সেও তিনি ব্যাচেলর। যদিও দীর্ঘ ক্যারিয়ারে নানা নায়িকার সঙ্গেই তাঁর নাম জড়িয়েছে। কখনও ঐশ্বরিয়া রাই, কখনও-বা ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আলোচনায়। পরে সেই তালিকায় আরও অনেকের নাম যুক্ত হয়েছে। তবে প্রথম প্রেম বরাবরই বিশেষ!
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বলিউড ভাইজানের প্রথম প্রেমিকার নাম শাহিন জাফরি। একসময় তিনি অভিনয় ও মডেলিংয়েও ছিলেন সক্রিয়। তাঁকে দেখা গেছে ‘মহা সংগ্রাম’, ‘অ্যায় মিলন কি রাত’, ‘অনসু’ নামের বেশ কয়েকটি ছবিতে।
সালমান-শাহিন প্রেমে পড়েছিলেন কলেজ জীবন। আশির দশকের শেষদিকে কিংবা নব্বইয়ের গোড়ায় তাঁরা দুজনেই ছিলেন কলেজ শিক্ষার্থী। সেসময়েই পরস্পরের প্রতি ভালোলাগা শুরু, অর্থাৎ তাঁরা প্রেমে পড়েন।
শাহিনের বোনঝি অভিনেত্রী কিয়ারা আদবাণী এক সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন যে, শাহিনের সঙ্গে যে সালমানের গভীর বন্ধুত্ব ছিল—তা কিয়ারার মাও বলেছিলেন। যদিও সালমান-শাহিনের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। অভিনেতা সুমিত সায়গলের সঙ্গে তাঁর বিয়ে হয়। সংসারে এই দম্পতির এক মেয়ে রয়েছে।
এদিকে, শায়রা বানু ও দিলীপ কুমারের সঙ্গে সালমানের অত্যন্ত ভালো সম্পর্ক। শায়রার ভাই সুলতান আহমেদের মেয়ে ছিলেন শাহিন। একসময় সালমনের সঙ্গে শাহিনের একটি ছবি বেশ আলোচনায় ছিল। অনেকেই বলেছিলেন, সালমানের প্রথম প্রেম শাহিন, তাঁরা দু’জনের খুব ভালো বন্ধুত্ব ছিল। এরপর সালমানের জীবনে আচমকাই চলে আসেন মডেল সঙ্গীতা বিজলানি। তাই শাহিনের সঙ্গে সম্পর্ক স্থায়ী হয়নি ভাইজানের।