‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির সাফল্য উপভোগ করছেন বলিউড গায়ক জুবিন নটিয়াল। ছবিতে তাঁর গাওয়া ‘আখরি ইশ্ক’ গানটিও ইতিমধ্যে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। এরই মধ্যে ব্যক্তিজীবনেও নতুন অধ্যায় শুরু করলেন তিনি—শৈশবের প্রেমিকাকে বিয়ে করেছেন এই কণ্ঠশিল্পী।
নিজের জন্মস্থান উত্তরাখণ্ডে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। পুরো আয়োজন ছিল একেবারেই সাদামাটা ও ব্যক্তিগত। জুবিনের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, তিনি ঐতিহ্যবাহী নিয়মে কাছের মানুষদের নিয়ে বিয়ে করতে চেয়েছিলেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রতি তার আগ্রহ ছিল না। ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি, তাই বড় কোনো অনুষ্ঠানও করেননি।
ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গেই বিশেষ দিনটি কাটিয়েছেন জুবিন। জানা গেছে, শৈশবের প্রেমিকাকেই বিয়ে করেছেন তিনি। তবে তার স্ত্রী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি। গায়কের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, যদিও বিয়ের খবর ছড়িয়ে পড়ায় তিনি আপত্তিও তোলেননি।
উল্লেখ্য, ইতিমধ্যে প্রায় ২০০টি গান গেয়েছেন জুবিন নটিয়াল। উত্তরাখণ্ডের দেহরাদুনে জন্ম ও বেড়ে ওঠা এই গায়ক ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম নজরে আসেন। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ ছবিতে ‘এক মুলাকাত’ গান দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর ‘দ্য শকিনস’ ছবির ‘মেহেরবানি’ গানটি তাকে আরও জনপ্রিয় করে তোলে।
তবে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘জিন্দেগি কুছ তো বতা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে ‘তুম হি আনা’, ‘হমনাভা মেরে’, ‘তারোঁ কে শহর’, ‘রাতাঁ লম্বিয়াঁ’, ‘বরবাদ’সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।