ধর্মীয় বাণী-খচিত গয়না, কারিনার পর এবার বিতর্কে দীপিকা

বলিউডে ধর্মীয় বাণী-খচিত গয়না পরার ট্রেন্ড নতুন কিছু নয়, তবে সম্প্রতি তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের পর এবার সমালোচনার মুখে পড়েছেন আরেক শীর্ষ তারকা দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এই আলোচনা তুঙ্গে।

ভাইরাল হওয়া ছবিটি ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবের, যেখানে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। সেসময় বিখ্যাত ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে নজর কেড়েছিলেন তিনি। তাঁর গয়নার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি রাজকীয় হার।

সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ হিসেবে মূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি এই হারে আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ বাক্যটি, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের মিশেলে তৈরি দীপিকার গয়নাটি ঘিরে সেসময় তেমন বিতর্কের সৃষ্টি না হলেও, সম্প্রতি কারিনা কাপুরের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা পান্নার লকেট নিয়ে ভারতীয় নেটিজেনদের একাংশের মাঝে তুমুল বিতর্ক দানা বাঁধে।

ধর্মীয় বাণী-খচিত গয়না পরায় বিতর্কের মুখে পড়েছেন কারিনা ও দীপিকা। ছবি: ইনস্টাগ্রাম থেকে স্ক্রিনশট

সম্প্রতি দীপাবলি উদযাপনে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট পরেছিলেন কারিনা। ডিজাইনার পুনীত বালানার তৈরি এবং ভোপালের রাজপরিবারের ঐতিহাসিক এই সংগ্রহের লকেটটিতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’।

তবে গয়নায় পবিত্র আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তোলে নেটিজেনদের একটি পক্ষ। গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজের পক্ষ থেকে আইনজীবী মারফত কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে দাবি জানানো হয় যে, সামাজিকমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও অবিলম্বে সরাতে হবে, অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের নিশ্চয়তা দিতে হবে।

যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুর কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, কারিনার গয়না ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতার রেশ কাটতে না কাটতেই দীপিকার পুরনো ছবি প্রকাশ্যে আসায় প্রশ্ন উঠেছে—ফ্যাশন বা স্টাইলের খাতিরে পবিত্র ধর্মীয় বাণী বা প্রতীক ব্যবহার কি নৈতিকতার সীমানা লঙ্ঘন করে? নাকি এটি নিছকই ঐতিহ্য ও সংস্কৃতির নান্দনিক প্রকাশ? এই প্রশ্ন এখন বলিউড ছাড়িয়ে ভক্ত ও সমালোচকদের আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।