প্রায়শই তাদের মুম্বাইয়ের রাস্তায় দেখা যায়। এমনকি ইন্ডাস্ট্রির কোনও অনুষ্ঠানে দু’জনে হাসিমুখে আলোকচিত্রীদের সামনে দাঁড়ান। এবারও এ দুজনকে একসঙ্গে পাওয়া গেল। তবে মুম্বাই থেকে অনেকদূরে। একেবারে ফুটবলার লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায়।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাবা দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, টেবিলে অভিনেত্রীর বিপরীতে বসে রয়েছেন হৃতিক। কোনও ক্যাফেতে রয়েছেন তারা। সামনে খাবার সাজানো। অভিনেতার মাথায় টুপি এবং পরনে কালো টিশার্ট। এক মনে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। প্রেমিকের এই ছবি শেয়ার করে সাবা লেখেন, 'আমার হিপো হার্ট'।
অন্য একটি ছবিতে যুগলের সেলফিতে দেখা যাচ্ছে। সঙ্গে সাবা লিখেছেন ‘সুপ্রভাত’। লোকেশনে লেখা রয়েছে 'বুয়েনস আইরেস'। এ ছবিতে তাদের দুজনকে একসঙ্গে শীত পোশাক পরে দেখা যায়।
ইনস্টাগ্রামেও একসঙ্গে হাজির হন তারা:
জানা যায়, ফুটবল সংক্রান্ত কোনও বিষয় নয়; প্রেমিকাকে নিয়ে মূলত এখন ছুটি কাটাচ্ছেন হৃতিক। দুজনে আর্জেন্টিনায় গিয়েছেন বেড়াতে।
প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারি মাসে প্রথম হৃতিক এবং সাবাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। তার পর থেকেই তুঙ্গে তাদের প্রেম নিয়ে চর্চা। ২০০০ সালে সুজান খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হৃতিক রোশন। দুই ছেলে হৃহান ও হৃদানের মা-বাবা তারা। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে, সাবা পেশায় একজন গায়িকা ও অভিনেত্রী। তার নিজস্ব একটি ব্যান্ড আছে। মডেলিংয়েও তাকে পাওয়া যায়।