ইসরায়েলি হামলায় মার্কিন কংগ্রেসের সামনে আরব অভিনেত্রীর বিক্ষোভ

ইসরায়েল-হামাস যুদ্ধ চরমে। একের পর এক ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। হামাস অধ্যুষিত এই এলাকায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৩০০'র ওপর। এছাড়া জাতিসংঘের মতে, প্রায় ১৪ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত মানবেতর জীবনযাপন করছেন। এমন সংঘাতময় পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে মার্কিন কংগ্রেসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আমেরিকায় বসবাসকারী ইহুদিদের অনেকে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। আর এই মিছিলে যোগ দিয়েছেন সিরীয় বংশোদ্ভূত আরব অভিনেত্রী সুজান নাদিম আলদিন। খবর ইজিপ্ট টুডের।

গত কয়েকদিন ধরেই আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে আন্দোলন করছেন সেখানকার অধিবাসীরা। অনেকে সে সময় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন।  

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন সুজান। যেখানে মার্কিন কংগ্রেসের সামনে জড়ো হয়ে এই বন্ধের দাবিতে আন্দোলন করছেন ইহুদিদের অনেকে। কোনো ধরনের অযুহাত না দেখিয়ে ফিলিস্তিন ইস্যুতে সবাইকে আওয়াজ তুলতে আহ্বান জানিয়েছে তাঁরা। 

একজন শিল্পী হিসেবে সুজান মনে করেন, আরব ইস্যুতে বিশেষ করে ফিলিস্তিনের সমর্থনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জায়গা রয়েছে। যুদ্ধ এবং সংঘাতময় পরিস্থিতি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‌‘আমাদের আরব কণ্ঠস্বর অবশ্যই শোনা উচিৎ, আমরা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ও উত্তোলন করেছি, যাতে ফিলিস্তিনে কী চলছে সেই সত্য গোটা বিশ্ব শুনতে পায়।’

এর আগেও বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা রেখেছেন এই অভিনেত্রী। বিশেষ করে সিরিয়া সংকট নিয়েও নানা সময় আলোচনায় এসেছে তাঁর নাম।